বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।রোববার (৮ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আইআরজিসির নৌবাহিনীর দাবি, অনুমোদনহীন পথে চলাচলের সময় ট্যাংকারগুলোতে এ ঘটনা ঘটে। সংস্থাটি জানিয়েছে, ভোর থেকেই ওই এলাকায় বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটতে থাকে। এতে গুরুত্বপূর্ণ নৌপথটির আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, সংশ্লিষ্ট জাহাজগুলো তাদের নেভিগেশন ও পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখেছিল। যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও বিবৃতিতে অভিযোগ করা হয়।
ইরানের নৌবাহিনী আরও জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে দেশটির নির্ধারিত নিয়ম ও নির্দেশনা সম্পর্কে জাহাজগুলোকে আগেই সতর্ক করা হয়েছিল। এসব নির্দেশনা অমান্য করলে কঠোর পরিণতির মুখে পড়তে হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
















