ঢাকার সাভার উপজেলার ঐতিহ্যবাহী বিরুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডকে একটি শান্তিময়, মাদকমুক্ত ও আধুনিক ‘মডেল ওয়ার্ড’ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শাহাজান মাদবর। অবহেলিত এ জনপদের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন এবং এলাকার জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।
সম্প্রতি স্থানীয় সুধী সমাজ ও এলাকার সর্বস্তরের জনগণের সাথে এক মতবিনিময় সভায় নিজের এই আশাবাদ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন শাহাজান মাদবর।
তিনি বলেন, “৭নং ওয়ার্ডের প্রতিটি মানুষের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। অবহেলিত রাস্তাঘাট সংস্কার, সুপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে জলাবদ্ধতা নিরসন এবং সুপেয় পানির সুবিধা তৈরি করে এ ওয়ার্ডকে একটি আদর্শ ও মডেল ওয়ার্ডে রূপান্তর করতে চাই।”
ইউপি সদস্য শাহাজান মাদবর আরও জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ সমাজকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে তিনি সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। সমাজের নিম্নবিত্ত ও দরিদ্র মানুষদের সরকারি সকল সামাজিক সুরক্ষা ভাতার আওতায় এনে সঠিক বন্টন নিশ্চিত করাও তাঁর অগ্রাধিকারের তালিকায় রয়েছে।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা জানান, শাহাজান মাদবর নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকার নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন। মাদক ও অপরাধমুক্ত পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে তাঁর জিরো টলারেন্স নীতি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।
ওয়ার্ডের বাসিন্দারা আশাবাদ ব্যক্ত করে বলেন, শাহাজান মাদবরের নেতৃত্ব ও সুপরিকল্পিত পদক্ষেপে বিরুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড খুব দ্রুতই সাভার উপজেলার মধ্যে অন্যতম দৃষ্টান্তমূলক ও বাসযোগ্য মডেল ওয়ার্ড হিসেবে মাথা তুলে দাঁড়াবে।



















