নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় জমজমাট ফাইনাল ম্যাচে কিংস নোয়াপাড়া ক্লাবকে ২-১ গোলে হারিয়ে ‘নোয়াপাড়া ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর চ্যাম্পিয়ন হয়েছে ফ্যালকন নোয়াপাড়া ক্লাব।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী বিসিক জামদানি মাঠে নোয়াপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের পাশাপাশি বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় মিলনমেলায়।
বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া ফাইনালে ফ্যালকন নোয়াপাড়া ক্লাব ও কিংস নোয়াপাড়া ক্লাবের খেলোয়াড়েরা শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রথমার্ধে একটি গোল করে এগিয়ে যায় ফ্যালকন নোয়াপাড়া ক্লাব। দ্বিতীয়ার্ধে ফ্যালকনের ১৩ নম্বর জার্সিধারী খেলোয়াড় আব্বাসের দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্যে ব্যবধান দাঁড়ায় ২-০। খেলার শেষ মিনিটে কিংস নোয়াপাড়া ক্লাবের নাফিস দূরপাল্লার দৃষ্টিনন্দন শটে একটি গোল শোধ করেন। তবে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্যালকন নোয়াপাড়া ক্লাব।
ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে তরুণদের মাঠমুখী করতে হবে।
এ সময় তিনি উপস্থিত দর্শকদের করতালির মাধ্যমে ‘খেলাকে হ্যাঁ, মাদককে না’ স্লোগানে উদ্বুদ্ধ করেন। পাশাপাশি রূপগঞ্জে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে এ ধরনের ফুটবল টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাব পৌরসভা বিএনপির সভাপতি তাশিকুল হক ওসমান। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন ক্রীড়াবিদ হাজী মো. আনিসুজ্জামান খোকন, রূপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি সোলায়মান কবির, তারাব পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মফিজুল ইসলাম মফিজ, মো. জাকির হোসেন, মো. রেজাউর রহমান রিপন ও আব্দুর রাজ্জাক জুয়েল। এ ছাড়া নোয়াপাড়া ফুটবল একাডেমির কোচ সাদেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন করতে নোয়াপাড়া মাদক নির্মূল কমিটির সদস্যরা দায়িত্ব পালন করেন।
স্থানীয়দের মতে, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মধ্যে ইতিবাচক চর্চা বাড়ানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতি জোরদার এবং মাদকবিরোধী সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

















