ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবির। সামরিক বাহিনীতে দীর্ঘদিনের অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা এবং দেশ-বিদেশে পেশাগত দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে তিনি পুঁজিবাজারের এই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে যুক্ত হয়েছেন।
মঙ্গলবার অনুষ্ঠিত ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় তাঁর যোগদানের বিষয়টি জানানো হয়। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির ১৯৯৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভ করেন। এরপর প্রায় তিন দশকের কর্মজীবনে সামরিক পরিচালনা, কৌশলগত পরিকল্পনা, প্রশাসনিক ব্যবস্থাপনা ও সাংগঠনিক উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ডিএসইতে যোগদানের আগে তিনি ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্বে ছিলেন। এর আগে সেনাসদর দপ্তরেও গুরুত্বপূর্ণ পরিচালকের পদে কাজ করেছেন।
শিক্ষাক্ষেত্রেও তাঁর রয়েছে উল্লেখযোগ্য সাফল্য। রংপুর ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থী হুমায়ুন কবির ১৯৯২ সালের এসএসসি পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় ষষ্ঠ এবং ১৯৯৪ সালের এইচএসসি পরীক্ষায় সপ্তম স্থান অর্জন করেন।
পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে মিলিটারি স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স এবং ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি নেন। পাশাপাশি যুক্তরাজ্যের চার্টার্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে কৌশলগত ব্যবস্থাপনা ও নেতৃত্ব বিষয়ে উচ্চতর যোগ্যতা অর্জন করেন।
তাঁর পেশাগত প্রশিক্ষণের মধ্যে রয়েছে বাংলাদেশে আর্মি স্টাফ কোর্স, যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে অ্যাডভান্সড কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স এবং ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজে ন্যাশনাল ডিফেন্স কোর্স। এ ছাড়া কানাডা ও যুক্তরাষ্ট্রেও বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি।
জাতিসংঘের অধীনে দুটি আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। সামরিক পেশায় দক্ষতা ও অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের পক্ষ থেকে বিভিন্ন সম্মাননা পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির।
তাঁর এই অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক দক্ষতা ডিএসইর পরিচালনা পর্ষদে দায়িত্ব পালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।















