ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো তাঁর পিতামহ মারগোনো জোজোহাদিকুসুমোকে মরণোত্তর জাতীয় বীরের মর্যাদা দিয়েছেন। মঙ্গলবার জাতীয় বীর দিবস উপলক্ষে জারি করা এক ডিক্রিতে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়। এর আগে গত বছর প্রবোও তাঁর সাবেক শ্বশুর ও দেশটির সাবেক স্বৈরশাসক সুহার্তোকেও একই সম্মানে ভূষিত করেছিলেন। তবে সুহার্তোর মানবাধিকার রেকর্ড নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার স্বাধীনতা অর্জন ও রাষ্ট্র গঠনে অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে জাতীয় বীরের স্বীকৃতি দেওয়া হয়। দেশটির প্রথম প্রেসিডেন্টসহ স্বাধীনতা আন্দোলনের নেতা, নারী অধিকারকর্মী এবং দুই শতাধিক বিশিষ্ট ব্যক্তি এ তালিকায় রয়েছেন।
মরণোত্তর জাতীয় বীর নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট একটি কমিটি প্রার্থীদের নাম সুপারিশ করে। পরে প্রেসিডেন্টের অনুমোদনের মাধ্যমে চূড়ান্ত স্বীকৃতি দেওয়া হয়। এ সম্মানের সঙ্গে সংশ্লিষ্ট পরিবারের জন্য বছরে প্রায় পাঁচ কোটি ইন্দোনেশীয় রুপি, যা প্রায় ২ হাজার ৭৭০ মার্কিন ডলারের সমপরিমাণ, ভাতা দেওয়ার ব্যবস্থাও রয়েছে।
১৮৯৪ সালে জন্ম নেওয়া মারগোনো জোজোহাদিকুসুমো ইন্দোনেশিয়ার স্বাধীনতার ভিত্তি নির্মাণে ভূমিকা রাখা একটি কমিটির সদস্য ছিলেন। স্বাধীনতার পর দেশটির প্রথম ব্যাংক ব্যাংক নেগারা ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ব্যাংকটি ইন্দোনেশিয়ার প্রাথমিক সরকারি মুদ্রা চালুর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রেসিডেন্টের জারি করা ডিক্রিতে মারগোনোকে রাজনীতি ও অর্থনীতিতে অবদানের জন্য জাতীয় বীর হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ইন্দোনেশিয়ার স্বাধীনতা সংগ্রামে তাঁর উল্লেখযোগ্য অবদান ছিল।
অন্যদিকে, সাবেক প্রেসিডেন্ট সুহার্তোকে জাতীয় বীরের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে দেশটিতে সমালোচনা অব্যাহত রয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর আপত্তি সত্ত্বেও গত বছর তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়। ২০০৮ সালে ৮৬ বছর বয়সে মারা যান সুহার্তো। তিনি প্রবোও সুবিয়ান্তোর সাবেক স্ত্রীর বাবা।
১৯৬৭ সালে সামরিক অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে ক্ষমতার কেন্দ্রে উঠে আসেন সুহার্তো। পরবর্তী তিন দশকেরও বেশি সময় তিনি ইন্দোনেশিয়া শাসন করেন। তাঁর শাসনামল দুর্নীতির অভিযোগ, রাজনৈতিক বিরোধীদের ওপর দমন-পীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের বিতর্কে বারবার আলোচিত হয়েছে।
সুহার্তোকে জাতীয় বীরের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে দেশটির বিভিন্ন মানবাধিকারকর্মী ও বেসরকারি সংস্থা (এনজিও) জাকার্তার একটি আদালতে মামলা করেছে। তবে মামলাটির বিষয়ে এখনো কোনো রায় ঘোষণা করা হয়নি।
প্রবোওর পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় সম্মান দেওয়ার এ ঘটনাগুলো ইন্দোনেশিয়ায় ঐতিহাসিক অবদান মূল্যায়ন এবং অতীতের শাসকদের মানবাধিকার রেকর্ড নিয়ে চলমান বিতর্ককে আবারও সামনে এনেছে।
















