মহামান্য হাইকোর্টের সুস্পষ্ট নিষেধাজ্ঞা উপেক্ষা করে মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীর দুর্গম আলোকদিয়া চরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। প্রতিদিন অন্তত ৯টি শক্তিশালী ড্রেজার বসিয়ে বালু উত্তোলন এবং শতাধিক বাল্কহেডের মাধ্যমে তা পরিবহন করা হচ্ছে। অপরিকল্পিত এই বালু উত্তোলনের ফলে নদীভাঙনকবলিত এলাকার বসতভিটা ও বিস্তীর্ণ জনপদ নতুন করে ভয়াবহ হুমকির মুখে পড়েছে।
সরেজমিনে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে আলোকদিয়া চর এলাকায় গিয়ে অন্তত ৯টি ড্রেজার দিয়ে নির্বিঘ্নে বালু উত্তোলন করতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রিট পিটিশন নম্বর ১০৭৭৯/২০২৬-এর পরিপ্রেক্ষিতে গত ৯ আগস্ট হাইকোর্ট এই এলাকায় বালু উত্তোলন বন্ধের আদেশ দেন। কিন্তু উচ্চ আদালতের সেই আদেশ অমান্য করে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু কেটে নিচ্ছে। এর প্রতিবাদে এবং বালু উত্তোলন বন্ধের দাবিতে গত ৮ নভেম্বর স্থানীয়রা মানববন্ধন কর্মসূচি পালন করলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।
প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা ও উপজেলা প্রশাসন একাধিকবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে। গত ১১ নভেম্বর জেলা প্রশাসনের অভিযানে ২টি ড্রেজার জব্দ করার পাশাপাশি ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এর আগে গত সপ্তাহে উপজেলা প্রশাসনের অভিযানেও ১টি ড্রেজার জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
এ বিষয়ে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা রানী কর্মকার জানান, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি রাখা হচ্ছে এবং গত সপ্তাহে অভিযান চালিয়ে একটি ড্রেজার জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তবে এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের অভিযান ও জরিমানার পরও একই স্থানে পুনরায় ড্রেজার বসিয়ে বালু উত্তোলন অব্যাহত থাকায় সংশ্লিষ্টদের ভূমিকা ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁদের আশঙ্কা, দ্রুত এই তৎপরতা বন্ধ করা না গেলে নদীভাঙন তীব্র আকার ধারণ করবে এবং শত শত পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়বে।
হাইকোর্টের আদেশ অমান্যকারী এই প্রভাবশালী চক্রের নেপথ্যে কারা রয়েছে, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুঁজে বের করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।


















