রাজধানীর মতিঝিল এলাকায় চাঁদা না দেওয়ায় আজমির মল্লিক নামের এক হকারকে ছুরিকাঘাত করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। চিহ্নিত সন্ত্রাসী মুন্না ও তার সহযোগীদের বিরুদ্ধে এই হামলা চালানোর অভিযোগ উঠেছে।
এদিকে, এই চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক ব্যবসার বিরুদ্ধে সোচ্চার হওয়ায় মতিঝিল থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাহিদ হাসানকে ঘিরে অপপ্রচার ও হয়রানির ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন স্থানীয় জনগণ ও ভুক্তভোগীরা।
গত ১৯ অক্টোবর রাজধানীর মতিঝিল থানার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের নিরাপত্তা এবং চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মতিঝিল থানা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী,হকার ও সাধারণ মানুষ অংশ নেন। মিছিলে নেতৃত্ব দেন মতিঝিল থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাহিদ হাসান।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও মতিঝিল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন সারু,মতিঝিল থানা কৃষক দলের সভাপতি পাখি,মতিঝিল থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রনি এবং ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শুভসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে বক্তারা অভিযোগ করেন, মতিঝিল এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্রের চাঁদাবাজির কারণে সাধারণ হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। শুভ, শান্ত ও মুন্নাসহ কয়েকজন ব্যক্তি এই চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তাঁরা।
মিছিলের সময় আহত হকার আজমির মল্লিকের রক্তমাখা গেঞ্জি প্রদর্শন করে তীব্র নিন্দা জানানো হয়। ভুক্তভোগীদের দাবি, নির্ধারিত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আজমির মল্লিকের ওপর হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করা হয়।
প্রতিবাদকারী নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ:স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর অভিযোগ, চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে জাহিদ হাসান প্রতিবাদ গড়ে তোলায় এবং সাধারণ হকারদের সংগঠিত করায় একটি কুচক্রীমহল তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে। তাদের দাবি, মুন্না এবং তার বাবা শ্রমিক লীগ নেতা পিন্টুর সঙ্গে সংশ্লিষ্ট একটি অন্ধকার জগতের পক্ষ এই অপপ্রচার ও ষড়যন্ত্রের পেছনে কাজ করছে।
প্রশাসনের প্রতি দাবি:হকারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জোরপূর্বক চাঁদা আদায় বন্ধ করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। একই সঙ্গে হকারের ওপর হামলার ঘটনা এবং চাঁদাবাজি-সন্ত্রাস সংক্রান্ত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।


















