সর্বশেষ

মধ্য আফ্রিকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মেয়াদ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ‘মিনুসকা’র ভবিষ্যৎ নির্ধারণে বৃহস্পতিবার ভোটাভুটি করবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। চলতি সপ্তাহের শেষ দিকে মিশনটির বর্তমান মেয়াদ শেষ হওয়ার কথা। এ অবস্থায় মিশনের মেয়াদ বাড়ানোর পাশাপাশি শান্তিরক্ষীদের পর্যায়ক্রমে প্রত্যাহারের বিষয়টিও আলোচনায় এসেছে।

২০১৪ সালে দেশটির ভয়াবহ গৃহযুদ্ধের প্রেক্ষাপটে মোতায়েন করা হয় জাতিসংঘের এই স্থিতিশীলতা রক্ষা বাহিনী। সময়ের সঙ্গে সংঘাতের তীব্রতা কমলেও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা পুরোপুরি বন্ধ হয়নি। বিশেষ করে চাদ, সুদান ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের সীমান্তসংলগ্ন এলাকাগুলোতে এখনো নিরাপত্তাঝুঁকি রয়েছে।

বাঙ্গুই থেকে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র একাধিক গৃহযুদ্ধ, সামরিক অভ্যুত্থান ও স্বৈরশাসনের মধ্য দিয়ে গেছে। দেশটির সরকার এখনো বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর হামলার মুখে রয়েছে। সরকারকে সহযোগিতা করছে রাশিয়ার ওয়াগনার গোষ্ঠী ও রুয়ান্ডার বাহিনী।

মিনুসকার মুখপাত্র ইয়ায়ে সেন এএফপিকে বলেন, দেশটির বর্তমান পরিস্থিতি এখনো ভঙ্গুর। তবে ২০১৩ ও ২০১৪ সালের ভয়াবহ অবস্থার সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করা যায় না।

নিরাপত্তা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় গত ডিসেম্বরে দেশটিতে প্রেসিডেন্ট, পার্লামেন্ট, আঞ্চলিক ও পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। এসব নির্বাচনে সহায়তা করে জাতিসংঘ মিশন। নির্বাচনী কার্যক্রমে সহযোগিতা করাও মিনুসকার দায়িত্বের অংশ।

নিরাপত্তাঝুঁকির এলাকায় নজর বাড়ানোর পরিকল্পনা

জাতিসংঘের গত মাসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মিনুসকায় বর্তমানে প্রায় ১০ হাজার সামরিক সদস্য এবং ২ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। চলমান পুনর্বিন্যাসের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকায় প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম কেন্দ্রীভূত করার পরিকল্পনা রয়েছে।

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ইয়ায়ে সেন জানান, নিরাপত্তা ব্যবস্থায় কিছু সীমাবদ্ধতা থাকলেও নতুন কৌশল এবং শক্তিশালী বাহিনী নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কাজ চলছে। জানুয়ারি থেকে জুনের মধ্যে দেশটির বিভিন্ন স্থানে মিশনের ২১টি কার্যক্রম পরিচালনার ঘাঁটি বন্ধ করে সেগুলোর দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে সাম্প্রতিক কয়েকটি সহিংস ঘটনা দেশটির নিরাপত্তা পরিস্থিতির নাজুক দিকটি আবারও সামনে এনেছে।

জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে দক্ষিণ-পূর্বাঞ্চলে লর্ডস রেজিস্ট্যান্স আর্মির (এলআরএ) অবশিষ্ট সদস্যদের দায়ী করা হামলায় চারজন নিহত হন। একই সময়ে অপহৃত হন প্রায় ৬৮ জন বেসামরিক নাগরিক, যাঁদের মধ্যে ৪০ জন শিশু।

এ ছাড়া জুনে সুদানের সীমান্তবর্তী আম-দাফক শহরে বন্দুকধারীদের হামলায় ২৯ জন নিহত হন। তাঁদের মধ্যে সাতজন বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর ২২ সদস্য ছিলেন। ওই হামলায় জাতিসংঘের ছয় শান্তিরক্ষী আহত হন। সহিংসতার কারণে প্রায় ১৭ হাজার ৫০০ মানুষ বাস্তুচ্যুত হন।

দক্ষিণ-পূর্বাঞ্চলে সরকারপন্থী বাহিনী ও ওয়াগনার গোষ্ঠীর সদস্যদের সঙ্গে আজান্দে আনি কপি গবে (এএকেজি) মিলিশিয়ার সংঘর্ষেও বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন।

জাতিসংঘের অক্টোবরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তাহীনতার কারণে গত ৩১ আগস্ট পর্যন্ত দেশটির অভ্যন্তরে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৪ লাখ ১৬ হাজার ছাড়িয়েছে।

মিশন প্রত্যাহারে ধীরগতির পক্ষে প্রেসিডেন্ট

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ফস্টিন-আর্চাঞ্জ তোয়াদেরা গত মাসে রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জাতিসংঘের শান্তিরক্ষীদের পর্যায়ক্রমে প্রত্যাহারের আহ্বান জানান। তাঁর বক্তব্য অনুযায়ী, দেশের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তি বজায় রাখার সক্ষমতা অর্জন করা প্রয়োজন।

এরদোগানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুরুত্ব পেল বাণিজ্য ও বিনিয়োগ

তবে সরকার তাৎক্ষণিকভাবে জাতিসংঘ মিশন প্রত্যাহারের পক্ষে নয়। যোগাযোগমন্ত্রী এভারিস্তে এনগামানা এএফপিকে জানান, কিছু ক্ষেত্রে দেশের নিরাপত্তাব্যবস্থায় এখনো দুর্বলতা রয়েছে। তাই হঠাৎ করে মিশন প্রত্যাহার করা হোক, এমনটি প্রেসিডেন্ট চান না।

গত মাসে নিরাপত্তা পরিষদে মিশনটির ভবিষ্যৎ নিয়ে আলোচনায় ফ্রান্স ও রাশিয়ার প্রতিনিধিরাও মাঠপর্যায়ের পরিস্থিতি বিবেচনা করে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের ধারণার প্রতি সমর্থন জানান।

অন্যদিকে, মিনুসকার মুখপাত্র ইয়ায়ে সেন জানিয়েছেন, মিশন প্রত্যাহার নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা চলছে না এবং দায়িত্ব পালনের ক্ষেত্রেও কোনো পরিবর্তন আসেনি।

তিনি বলেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়া এবং দেশটির বিভিন্ন এলাকায় রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠায় সহায়তা করা এখনো মিশনের প্রধান দায়িত্ব। নিরাপত্তা পরিষদ মেয়াদ বাড়ানোর বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, তার ওপরই পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১২ নভেম্বর ২০২৬
Trulli

মধ্য আফ্রিকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মেয়াদ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার