সুস্থ ও সক্ষম বাংলাদেশ গড়ে তুলতে রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, বৈজ্ঞানিক গবেষণা এবং ওষুধশিল্পের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
তিনি বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও ওষুধশিল্পকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে দেশের স্বাস্থ্যসংক্রান্ত সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর কার্যকর সমাধানে গবেষণার পরিধি বাড়ানো প্রয়োজন।
শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইডিইএসএইচআই) ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য খাতে অবহেলার কারণে অনেক প্রতিরোধযোগ্য রোগের ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ যথাযথ গুরুত্ব পায়নি। এর ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের অসংখ্য নারী এমন রোগে আক্রান্ত হচ্ছেন, যেগুলো সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অনেকাংশে ঠেকানো সম্ভব।
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা আরও বিস্তৃত হবে। এ কর্মীদের ৮০ শতাংশ নারী হওয়ায় গ্রামাঞ্চলের নারীদের কাছে স্বাস্থ্যসচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
তিনি বলেন, বিপুল জনসংখ্যার বাংলাদেশকে সুস্থ ও কর্মক্ষম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ ক্ষেত্রে বিজ্ঞানভিত্তিক উদ্যোগ, গবেষণায় বিনিয়োগ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে আইডিইএসএইচআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান ডা. ফিরদৌসী কাদরীসহ প্রতিষ্ঠানটির বিজ্ঞানী ও কর্মীদের অবদানের প্রশংসা করেন ডা. জুবাইদা। তিনি বলেন, দেশের তরুণদের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনমূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। নিজেদের দেশের স্বাস্থ্য সমস্যাগুলো নিয়ে গবেষণা করে কার্যকর সমাধান বের করতে পারলে বাংলাদেশ এ খাতে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে।
তরুণ গবেষকদের উদ্দেশে তিনি বলেন, গবেষণার ফল পেতে অনেক সময় অপেক্ষা করতে হয়। এতে হতাশ না হয়ে ধৈর্য ধরে কাজ চালিয়ে যেতে হবে। কারণ, তাঁদের গবেষণার ফলাফল মানুষের জীবন রক্ষা এবং সুস্থ জীবনযাপনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
আইডিইএসএইচআই ভবিষ্যতেও দেশের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং সম্মানিত অতিথি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বক্তব্য দেন।
ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে রোগ প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সব নাগরিকের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
তিনি জানান, সরকারের স্বাস্থ্য খাতের অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যনিরাপত্তা নিয়ে গবেষণা জোরদার করা, প্রাথমিক স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, ওষুধশিল্পে উদ্ভাবন উৎসাহিত করা, জীবপ্রযুক্তি ও দেশীয় রোগ নির্ণয়প্রযুক্তির বিকাশ, ডিজিটাল স্বাস্থ্যসেবা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্প্রসারণ। পাশাপাশি স্বাস্থ্য গবেষণা ও উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি সহায়ক পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে আইডিইএসএইচআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান ডা. ফিরদৌসী কাদরী ‘বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ ও বাস্তবতা: আইডিইএসএইচআইয়ের প্রেক্ষাপট’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান আশফাক কাদরী স্বাগত বক্তব্য দেন। এ ছাড়া প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ডা. মো. রফিকুর রহমান এর ১২ বছরের কার্যক্রম ও অগ্রযাত্রা নিয়ে একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে জনস্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞানের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে পাঁচটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার বিষয় ছিল থ্যালাসেমিয়া স্ক্রিনিং, নারীর স্বাস্থ্য, বাংলাদেশে বায়োলজিক্যালসের ভবিষ্যৎ, সংক্রামক রোগ এবং জনস্বাস্থ্যের উন্নয়নে টিকার ব্যবহার। এসব আলোচনায় সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসক ও জনস্বাস্থ্যবিদেরা অংশ নেন।


















