পাবনা শহরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস প্রক্রিয়াজাতকরণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে একটি আধুনিক কশাইখানা। চিকিৎসক ও বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে মান নিশ্চিত করে এই কশাইখানা থেকে নিরাপদ মাংস সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় পাবনা শহরের মনসুরাবাদ আবাসিক এলাকার ১ নম্বর গেটের পাশে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) যৌথ উদ্যোগে এই কশাইখানাটি নির্মাণ করা হয়। নির্মাণকাজ শেষে এটি আনুষ্ঠানিকভাবে পাবনা পৌরসভার নিকট হস্তান্তর করা হয়।
নবনির্মিত এই আধুনিক কশাইখানার উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও শ্রম-কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের সবাইকে জনগণের কল্যাণের জন্য কাজ করতে হবে। আমরা যদি স্বাস্থ্যসম্মত খাবার মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করি, তবেই একজন প্রকৃত মানুষ হিসেবে আমাদের পরিচয় প্রকাশ পাবে। মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনের পাশাপাশি সমাজের সবার কাছে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে।”
পাবনা পৌর প্রশাসক খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু তালেব প্রামানিক। এ সময় আরও বক্তব্য দেন পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা ও জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক নূর মোহাম্মদ মাসুম বগা, সিনিয়র আইনজীবী মির্জা আজিজুর রহমান, জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব রেহানুল ইসলাম বুলাল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবির হাসান বাচ্চু, পাবনা পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামান, নির্বাহী কর্মকর্তা দুলাল উদ্দিন, জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. সেলিম হোসেন, পৌরসভার স্যানিটারি পরিদর্শক আসাদ হোসেন, সহকারী প্রকৌশলী সাইফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও নানা শ্রেণি-পেশার মানুষ।
প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল কাদির জানান, এই আধুনিক কশাইখানা নির্মাণের মূল উদ্দেশ্য হলো যত্রতত্র পশু জবাই বন্ধ করা, অস্বাস্থ্যকর পরিবেশে মাংস সংরক্ষণ বা সরবরাহ রোধ করা এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা। এ লক্ষ্যে সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস প্রক্রিয়াজাত করে বাজারজাত করা হবে, যাতে সাধারণ মানুষ কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকির মধ্যে না পড়ে।


















