জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়াতে সংরক্ষিত নারী আসনব্যবস্থা বাতিলের প্রস্তাব দিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এর পরিবর্তে রাজনৈতিক দলগুলোকে সরাসরি নির্বাচনে সংসদের এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এ প্রস্তাব তুলে ধরেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশের নারীরা এখন শিক্ষা, কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের সক্ষমতার পরিচয় দিচ্ছেন। আগের তুলনায় তাঁদের অবস্থানও অনেক শক্তিশালী হয়েছে। এ বাস্তবতায় সংসদে সংরক্ষিত নারী আসন রাখার প্রয়োজনীয়তা পুনর্বিবেচনা করা যেতে পারে।
তাঁর মতে, রাজনৈতিক দলগুলো সরাসরি নির্বাচনে এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী দিলে তাঁরা নিজেদের যোগ্যতা ও জনগণের সমর্থনের ভিত্তিতে সংসদে জায়গা করে নেওয়ার সুযোগ পাবেন।
কমিটি গঠনের পর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এটিই ছিল সর্বদলীয় সংসদীয় ককাসের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা। এতে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং রাজনীতিবিদদের ভূমিকা নিয়েও বক্তব্য দেন স্পিকার।
দেশের বর্তমান পরিস্থিতির জন্য রাজনীতিবিদদের দায়ী করে তিনি বলেন, রাষ্ট্র কীভাবে পরিচালিত হচ্ছে এবং এর পেছনে কী ধরনের সিদ্ধান্ত কাজ করছে, তা রাজনীতির বাইরে থাকা মানুষের পক্ষে সব সময় বোঝা সহজ নয়। তবে দেশের বিদ্যমান পরিস্থিতির জন্য রাজনীতিবিদদের দায় সবচেয়ে বেশি বলে মন্তব্য করেন তিনি।
রাজনীতিবিদদের আত্মসমালোচনা ও নিজেদের সংশোধনের ওপর গুরুত্ব দিয়ে স্পিকার বলেন, রাজনৈতিক নেতৃত্ব নিজেদের ভুলত্রুটি শুধরে নিতে পারলে দেশের সামগ্রিক অবস্থারও ইতিবাচক পরিবর্তন সম্ভব।
রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি আরও বলেন, অনেক রাজনীতিবিদ দলীয় কার্যক্রমের মাধ্যমে নিজেদের স্বার্থ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতেই বেশি মনোযোগী থাকেন। এর ফলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের অধিকার, সংকট ও প্রয়োজনীয়তা যথাযথ গুরুত্ব পায় না।
বক্তব্যে অতীতের তিনটি জাতীয় নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ হিসেবে উল্লেখ করেন স্পিকার। তবে তাঁর দাবি, দেশে এখন আর আগের মতো নির্বাচনী পরিস্থিতি নেই। সর্বশেষ জাতীয় নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বলেও মন্তব্য করেন তিনি।












