বাংলাদেশ ও উজবেকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ।
তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কপ-৩১-এর কার্যক্রমের ফাঁকে আজ বিকেলে সম্মেলনস্থলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বিকেল পৌনে ৩টায় শুরু হওয়া বৈঠকটি প্রায় ৩০ মিনিট ধরে চলে।
বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণের বিষয়ও গুরুত্ব পায়।
আলোচনায় উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন দুই নেতা।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।













