বর্ষা মৌসুম শেষ হলেও দেশে ডেঙ্গুর প্রকোপ কমছে না। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা, সেই সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে একদিনে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৪৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবার প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৪ জনে। এ সময়ে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জনে। আক্রান্ত ও মৃত্যুর হিসাবে ঢাকা বিভাগ সবচেয়ে এগিয়ে। এ বিভাগে এ পর্যন্ত ৬৩ হাজার ৩৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ২৩১ জন।
আট বিভাগেই ডেঙ্গু রোগীর চাপ
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া রাজশাহী বিভাগে ২২৯ জন, খুলনায় ২২০ জন, বরিশালে ২১১ জন, চট্টগ্রামে ২০৬ জন, ময়মনসিংহে ৭৩ জন, রংপুরে ৭১ জন এবং সিলেট বিভাগে ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেশি হওয়ায় জনমনে উদ্বেগ বাড়ছে। মৌসুম শেষ হওয়ার পরও রোগটির সংক্রমণ অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বাড়ছে
এদিকে, দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনাও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৮৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪৪৪ জন ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক হাম রোগীর চিত্র
গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৫৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৪৮ জন, সিলেটে ১৭৫ জন, খুলনায় ১৪৫ জন, বরিশালে ১২৩ জন, ময়মনসিংহে ১০৭ জন, রাজশাহীতে ৩৭ জন এবং রংপুর বিভাগে ২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গু ও হাম—দুই রোগেই আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীর চাপ বাড়তে থাকায় দেশের জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।












