বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন দীর্ঘ দিন থেকে অত্যন্ত নীরবে-নির্ভৃতে মানুষের জন্য কাজ করে যাচ্ছে। চিকিৎসা সুযোগ বঞ্চিত, অর্থাভাবে পড়তে পারছে না, গুম, খুনের শিকার পরিবার অথবা সাইক্লোনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে এই প্রতিষ্ঠানটি।
আজ বিকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে, ২০২৬’ এর খুলনা বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়নের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিজ্ঞান মেলা আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোস্তফা আজিজ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। এতে স্বাগত বক্তব্য রাখেন মেলা আয়োজক কমিটির আহবায়ক সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মেলা আয়োজক কমিটির সদস্য সচিব কৃষিবিদ ড. এস এম ফেরদৌস। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আজকের বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারীদের সমাজের বিরাজমান সমস্যার সমাধানে সূত্র খোঁজবার চেষ্টা দেখে তিনি মুগ্ধু হয়েছেন। শিক্ষার্থীদের প্রত্যেকটি উদ্যোগে দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার পথ তারা খুঁজে বের করার চেষ্টা করছেন, যা অত্যন্ত আশাব্যঞ্জক।
মানুষের জীবন বদলে দেওয়া এসকল উদ্যোগসমূহ নিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন তাদের কাজের ধারা অব্যাহত রাখবে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। এর আগে প্রতিমন্ত্রী ও হুইপ প্রকল্প প্রদর্শনী পরিদর্শন করেন।












