উৎসবমুখর পরিবেশে পাবনা সরকারি মহিলা কলেজে উচ্চমাধ্যমিক শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ এবং কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা–৫ আসনের সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.আব্দুল আউয়াল।
পাবনা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো.আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশের নেতৃত্ব দেবে। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।” নারী শিক্ষার প্রসারে পাবনা সরকারি মহিলা কলেজের ঐতিহ্যবাহী ভূমিকারও প্রশংসা করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর মো. আব্দুল আউয়াল শিক্ষার্থীদের সময়ের সদ্ব্যবহার করার এবং প্রযুক্তির ইতিবাচক দিকগুলো কাজে লাগিয়ে নিজেদের মেধা বিকাশের আহ্বান জানান। সভাপতির বক্তব্যে প্রফেসর মো.আশরাফ আলী কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম তুলে ধরেন এবং নবীন ও কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে পাবলিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। আলোচনা পর্ব শেষে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।



















