সাভার ও আশুলিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রির অভিযোগ উঠেছে। কৃত্রিম সংকট তৈরি করে কিছু অসাধু ব্যবসায়ী ও ডিলার অতিরিক্ত মুনাফা আদায় করছেন বলে দাবি সাধারণ ভোক্তাদের। এতে নিত্যপ্রয়োজনীয় এই জ্বালানি কিনতে গিয়ে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সাভার ও আশুলিয়ার বিভিন্ন বাজার ও খুচরা বিক্রয়কেন্দ্রে সরেজমিনে ঘুরে দেখা যায়, ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের সরকার নির্ধারিত খুচরা মূল্য ২ হাজার ৬০ টাকা হলেও তা বিক্রি হচ্ছে ২ হাজার ১০০ থেকে ২ হাজার ৪০০ টাকায়। ফলে ভোক্তাদের প্রতি সিলিন্ডারে ৪০ টাকা থেকে শুরু করে ৩৪০ টাকা পর্যন্ত বাড়তি গুনতে হচ্ছে।
স্থানীয় ক্রেতাদের অভিযোগ, পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও কিছু ব্যবসায়ী সিলিন্ডার মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকটের আবহ তৈরি করছেন। নিয়মিত বাজার মনিটরিং বা ভ্রাম্যমাণ আদালতের অভিযান না থাকায় বিক্রেতারা নিজেদের ইচ্ছামতো দাম হাঁকছেন বলেও জানান ভুক্তভোগীরা।
ভুক্তভোগী এক ক্রেতা বলেন, “গ্যাস ছাড়া সংসার চালানো অসম্ভব। কিন্তু দোকানে গেলে নির্ধারিত দামের চেয়ে কয়েকশ টাকা বেশি চাওয়া হচ্ছে। নিয়মিত তদারকি থাকলে ব্যবসায়ীরা এভাবে দাম বাড়ানোর সাহস পেত না।”
এ পরিস্থিতিতে নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে ডিলার ও খুচরা বিক্রেতাদের গুদাম এবং বিক্রয়কেন্দ্রে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
অতিরিক্ত দাম আদায়ের বিষয়ে জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক আব্দুল জব্বার জানান, সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
















