ডেঙ্গুর প্রকোপ ও এডিস মশার বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মশা নিধন কার্যক্রম শুরু হয়েছে। ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ লিটন আহমেদের উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বিকেলে পলাশবাড়ী, কাঠালতলা বাজার থেকে বাতানটেক এলাকাসহ ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুর ঝুঁকি কমাতে বিভিন্ন স্থানে মশা নিধন অভিযান পরিচালনা করা হয়।
কর্মসূচি প্রসঙ্গে মেম্বার পদপ্রার্থী মোঃ লিটন আহমেদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং মশার বিস্তার রোধ করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে ধামসোনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের প্রতিটি অলিগলিতে পর্যায়ক্রমে মশা নিধন কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে তিনি এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।
মশা নিধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বি, কর্মী ও সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।


















