আসন্ন ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারদের অর্থের বিনিময়ে ভোট বিক্রি না করার আহ্বান জানিয়েছেন বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর মিয়া।
তিনি বলেন, অল্প কিছু টাকার বিনিময়ে ভোট বিক্রি করলে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন ব্যাহত হবে। নির্বাচিত হওয়ার পর দুর্নীতির মাধ্যমে সেই অর্থ পুষিয়ে নেওয়ার কোনো ইচ্ছা তাঁর নেই বলেও মন্তব্য করেন তিনি।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার ভাদাইল এলাকার শাহজাহান মার্কেটে আয়োজিত এক উঠানবৈঠকে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন আব্দুল গফুর মিয়া।
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “৫০০ বা ১ হাজার টাকার বিনিময়ে কেউ ভোট বিক্রি করবেন না। এতে এলাকার উন্নয়ন হবে না। পরে নির্বাচিত হয়ে আমাকে দুর্নীতি করতে হবে—এটা আমি চাই না।”
উঠানবৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর মিয়া।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আশুলিয়া থানা বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী মো. আমিনুল ইসলাম পিয়ার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহমুদুর রহমান (মাহাবুব), ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোরশেদ মোল্লা, বলিভদ্র ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও বিএনপি নেতা হাজী মো. ইদ্রিস মিয়া এবং ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. দেলোয়ার হোসেন মিন্টু।
এ ছাড়া স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উঠানবৈঠকে উপস্থিত ছিলেন।













