পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কের কাঞ্চনগামী পাথরভর্তি ট্রাকে (ঢাকা মেট্রো-ট ২২-৬২২৩) তল্লাশি করে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার, ট্রাক জব্দ ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। ৩১অক্টোবর শনিবার রাতে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কে ধাওয়া করে বুরুলিয়া নামক জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রাজশাহী জেলার বাঘা থানার শিমুল মিয়া (৩২) ও ইয়ামিন আলী (৩৫)।
পুলিশ জানায়, ৩১অক্টোবর শনিবার রাতে পূর্বাচলের ৩০০ ফুট মহাসড়কে নিয়মিত টহল দিচ্ছিল পুলিশ। এসময় কাঞ্চনগামী পাথরভর্তি একটি ট্রাকের গতিবিধি সন্দেহ হলে পুলিশ এগিয়ে যায়। তখন ট্রাকটি পালিয়ে যেতে চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তল্লাশি চালিয়ে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এ ঘটনায় ট্রাক জব্দ করা হয়েছে। রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক সুজন মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।












