তৈরি পোশাক খাতের শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে নতুন মজুরি বোর্ড গঠন করায় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে ‘জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিট’ (NGWU)। এ উপলক্ষে সংগঠনটির উদ্যোগে আশুলিয়ায় একটি আনন্দ র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিকেল ৪টায় ঢাকা-আশুলিয়া করিডোরের বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের ইউনিক এলাকা থেকে আনন্দ র্যালিটি শুরু হয়। র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বগাবাড়িস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন তৈরি পোশাক কারখানার শতাধিক নেতাকর্মী ও সাধারণ শ্রমিক জাতীয় পতাকা এবং অভিনন্দন বার্তা সংবলিত ব্যানার হাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
র্যালি পরবর্তী সমাবেশে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটের কেন্দ্রীয় সভাপতি ও বিশিষ্ট শ্রমিক নেতা মো. ফরিদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, “বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ ন্যায্য মজুরির জন্য পোশাক শ্রমিকেরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ড গঠনের যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন, তার জন্য শ্রমজীবী মানুষের পক্ষ থেকে আমরা তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি আরও জোর দিয়ে বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য ও শ্রমিক পরিবারের ন্যূনতম জীবনধারণের খরচ পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে মজুরি বোর্ডকে একটি বাস্তবসম্মত ও সম্মানজনক মজুরি কাঠামো সুপারিশ করতে হবে। শ্রমিকদের অর্থনৈতিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা গেলে দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী তৈরি পোশাক শিল্পের উৎপাদনশীলতা ও অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশ থেকে শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ, চাকরির নিরাপত্তা ও সার্বিক অধিকার প্রতিষ্ঠায় দেশের সকল ট্রেড ইউনিয়ন ও শ্রমিক সংগঠনকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানানো হয়।
উক্ত আনন্দ র্যালি ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রিক ওয়ার্কার্স ফেডারেশনের আশুলিয়া অঞ্চলের সভাপতি মাহবুব আলী, ট্রেড ইউনিয়ন গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের ঢাকা জেলা সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ সহ স্থানীয় পোশাক খাতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।












