রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এবং যাত্রীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে ‘বাস রুট রেশনালাইজেশন’ কার্যক্রমের আওতায় ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে বাস পরিচালনাকারী নতুন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার (১ নভেম্বর) সকাল ১১.০০ ঘটিকায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এক জমকালো আয়োজনের মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। বাস রুট রেশনালাইজেশন কমিটি (ডিটিসিএ) এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যৌথ উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করে যাত্রীবান্ধব ও সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনতে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতি অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ। এই উদ্যোগের সফল বাস্তবায়ন নগরবাসীর যাতায়াত সহজ করার পাশাপাশি সড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করবে।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,মোহাম্মদ মসিউর রহমান। তিনি তাঁর বক্তব্যে জানান, পরিকল্পিত বাস রুট এবং নির্ধারিত ফ্র্যাঞ্চাইজি পদ্ধতির মাধ্যমে নগরীতে অনাকাঙ্ক্ষিত প্রতিযোগিতা বন্ধ হবে এবং যাত্রীরা মানসম্মত সেবা পাবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি নিশ্চিত করেন, মোসলেহ উদ্দিন আহমদ, মো.আনিসুর রহমান, মোহাম্মদ হাবীবুর রহমান, মীর আহমেদ তারিকুল ওমর, এম. এ. বাতেন এবং জনাব মো. সাইফুল আলম। বিশেষ অতিথিরা নতুন এই সেবার সার্বিক সাফল্য কামনা করেন এবং সড়ক পরিবহন খাতের সংশ্লিষ্ট সকলকে নিয়ম মেনে বাস পরিচালনার আহ্বান জানান।
নতুন এই ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা চালুর ফলে ঢাকার প্রধান প্রধান সড়কগুলোতে যত্রতত্র বাস থামানো ও প্রতিযোগিতা হ্রাস পাবে এবং যাত্রীদের জন্য সুনির্দিষ্ট টিকিটিং ও কাউন্টার ব্যবস্থা আরও সুসংহত হবে বলে আশা প্রকাশ করছেন আয়োজকরা।











