পটুয়াখালীর বাউফলে দেশীয় অস্ত্র, গাঁজা, ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম সহ তিন জনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ সড়ক এলাকার একটি কথিত মাদক সেবনের আস্তানা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কালাইয়া ইউনিয়নের আক্কেল আলী ভূঁইয়ার ছেলে মোহন ভূঁইয়া (৩৫), একই এলাকার আবদুল কালামের ছেলে নূর ইসলাম (২৫) ও একই এলাকার শাহ আলমের ছেলে শাকিল (২৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) মু. ফরহাদুজ্জামান নবীনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ওই মাদক আস্তানায় অভিযান চালায়। অভিযানকালে আস্তানার মালিক মোহন ভূঁইয়াকে আটক করা হয়। একই সময়ে সেখান থেকে মাদক কিনতে আসা নূর ইসলাম ও শাকিলকেও হাতেনাতে আটক করে পুলিশ।
এসময় তল্লাশি চালিয়ে ওই আস্তানা থেকে দুটি দেশীয় দা, দুটি ধারালো রামদা, তিনটি কাঁচি, দুটি হাতুড়ি, ২৫ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
এবিষয়ে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, আটককৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত আলামত আইনানুগভাবে তালিকাভুক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।











