সমাজ থেকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও অপরাধ নির্মূল করে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে আশুলিয়ার ভাদাইল এলাকায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এ সভায় বক্তারা মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

শুক্রবার (১৭ জুলাই) সকালে ভাদাইল হাজী হামিদ ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ প্রতিবাদ সভার আয়োজন করে ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও সাধারণ জনগণের উপস্থিতিতে মাঠ পরিপূর্ণ হয়ে ওঠে।
আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আ. গফুর মিয়া বলেন, মাদক ও সন্ত্রাস একটি সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। এসব অপরাধ থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, একটি সুস্থ, সুন্দর ও বাসযোগ্য সমাজ গঠনে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই।

আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় জনগণের সম্পৃক্ততা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি স্থানীয় বাসিন্দাদের যেকোনো ধরনের অপরাধ, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
ধামসোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ ইসরাফিল হোসেন বলেন, সন্ত্রাস ও মাদক একটি সমাজের জন্য বড় ধরনের হুমকি। এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, একটি এলাকার উন্নয়ন শুধু অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ নয়; এলাকার শান্তি, নিরাপত্তা ও সামাজিক পরিবেশ সুন্দর রাখাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ তৈরি করতে স্থানীয় জনগণের সহযোগিতা অপরিহার্য।
তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধের মাধ্যমে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।

ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদপ্রার্থী খন্দকার ফারুক হোসেন বলেন, মাদক একটি পরিবারকে যেমন ধ্বংস করে, তেমনি একটি সমাজকেও অস্থিতিশীল করে তোলে। তাই মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় অন্যান্য বক্তারাও বলেন, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে স্থানীয়ভাবে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন।
বক্তারা তরুণ প্রজন্মকে শিক্ষা, খেলাধুলা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় বাসিন্দা, যুবসমাজ এবং ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। সভা শেষে উপস্থিত সবাই সন্ত্রাস, মাদক ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনসম্পৃক্ততা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।














