আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাদাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় একটি আবাসিক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় বিএনপি নেতা জাকির হোসেনের নিজ বাড়িতে এই অনিয়মবহির্ভূত ও ঝুঁকিপূর্ণ সংযোগটি নেওয়া হয়েছে।
স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে, তিতাস গ্যাসের মূল লাইন থেকে এই অবৈধ সংযোগটি টেনে দেওয়ার নেপথ্যে মূল কারিগর হিসেবে কাজ করেছেন এলাকার চিহ্নিত সিন্ডিকেট প্রধান, যিনি স্থানীয়ভাবে ‘গ্যাস চোর বাদশা’ নামে পরিচিত। মোটা অঙ্কের টাকার বিনিময়ে রাতের আঁধারে এবং সরকারি নিয়ম-নীতি তোয়াক্কা না করে এই সংযোগ স্থাপন করা হয়।
এলাকাবাসীর মতে, ঘনবসতিপূর্ণ ভাদাইল কেন্দ্রীয় মসজিদ এলাকায় এভাবে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ায় যেকোনো মুহূর্তে বড় ধরনের বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে।
একদিকে সরকার যেখানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে, অন্যদিকে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছেন।
বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহল তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অবৈধ সংযোগটি বিচ্ছিন্নসহ জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।













