হঠাৎ মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লির জনজীবন। প্রবল বৃষ্টির পানিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথেও ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
বিমানবন্দরের গেটের সামনে পানি জমে যাওয়ায় যাত্রীদের অনেকেই প্যান্ট গুটিয়ে এবং ট্রলি ঠেলে পানির মধ্য দিয়েই ভেতরে প্রবেশের চেষ্টা করেন। বৃষ্টির কারণে বিমান চলাচলেও দেখা দেয় বড় ধরনের বিঘ্ন।
রানওয়েতে পানি জমে যাওয়া এবং অতিরিক্ত বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় দিল্লিতে অবতরণের জন্য আসা ১১টি বিমানকে অন্য শহরের বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়। এর মধ্যে পাঁচটি বিমান জয়পুরে, চারটি লখনউতে এবং দুটি বিমান আহমেদাবাদ ও চণ্ডীগড়ে অবতরণ করে।
বিমানবন্দরে আটকে পড়া এক যাত্রী পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, জীবনে কোনো বিমানবন্দরে এত পানি জমতে দেখেননি। তিনি জানান, প্রায় আধা ঘণ্টা ধরে অপেক্ষা করছেন এবং পানি কিছুটা কমলে গেটের দিকে যাওয়ার চেষ্টা করবেন।
শুধু বিমানবন্দর নয়, দিল্লির বিভিন্ন নিচু এলাকা, সড়ক ও ফ্লাইওভারের নিচেও পানি জমে যায়। এতে অনেক স্থানে যানবাহন চলাচল প্রায় থেমে যায়।
পরিস্থিতি বিবেচনায় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে নগরবাসীকে সতর্ক করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পাশাপাশি বাইরে বের হওয়ার আগে সড়কের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঝড়ের সময় বিদ্যুতের খুঁটি ও বৈদ্যুতিক অবকাঠামো থেকে দূরে থাকারও নির্দেশনা দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দিনজুড়ে দিল্লিতে হালকা থেকে ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।














