সমাজে প্রত্যেক মানুষের অর্জন ও অবদানের যথাযথ স্বীকৃতি দেওয়া গেলে অনেক সমস্যার সমাধান সহজ হয়ে যায় বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে ‘আমি’র পরিবর্তে আন্তরিকভাবে ‘আমরা’ ধারণ করতে পারলে একটি আরও সুন্দর, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা সম্ভব।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) ১০ম দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্বাগত ও সূচনা বক্তব্য দেন বিলসের প্রতিষ্ঠাতা ও মহাসচিব এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
এ ছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান সচিব আবদুর রহমান তরফদার, আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুটন, বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ শ্রমিক নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করছেন। এই লক্ষ্য বাস্তবায়নে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, প্রান্তিক শ্রমিক, অসহায় ও দুস্থ মানুষের সামাজিক নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিত করার অঙ্গীকারের অংশ হিসেবে সরকার দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করছে।
সম্মেলনে বক্তারা শ্রম আইনে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে সব শ্রমিকের আইনি স্বীকৃতি, প্রাতিষ্ঠানিক নিবন্ধন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে জীবনমান উন্নয়নের উপযোগী মর্যাদাপূর্ণ ও ন্যায্য মজুরি নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
কর্মক্ষেত্রে সবার সমঅধিকার প্রতিষ্ঠা, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত এবং যেকোনো মূল্যে শিশুশ্রম সম্পূর্ণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ডা. এ জেড এম জাহিদ হোসেন ‘বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান লাইব্রেরি ও বিলস তথ্যকেন্দ্র’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
১৯৯৫ সালে বিশিষ্ট শ্রমিক নেতা নজরুল ইসলাম খানের উদ্যোগে বিলস প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ১২টি জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন প্রতিষ্ঠানটির সহযোগী সংগঠন হিসেবে কাজ করছে।
শ্রমিকদের যৌথ দরকষাকষি ও অন্যান্য অধিকার বিষয়ে দক্ষতা বাড়াতে সহায়তা করা বিলসের অন্যতম প্রধান কাজ।














