শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের মন্তব্য বিভাগে বড় ধরনের পরিবর্তন আসছে। ব্যবহারকারীদের মধ্যে যোগাযোগ ও অংশগ্রহণ বাড়াতে কমেন্টে একাধিক নতুন ফিচার যুক্ত করার উদ্যোগ নিয়েছে প্ল্যাটফর্মটি।
নতুন আপডেট কার্যকর হলে কোনো ভিডিওতে শুধু লিখিত মন্তব্য নয়, সর্বোচ্চ এক মিনিটের ভয়েস মেসেজও পোস্ট করা যাবে। পাশাপাশি কমেন্ট থেকেই তৈরি করা যাবে পোল বা ভোটের আয়োজন। একটি পোলে সর্বোচ্চ পাঁচটি অপশন রাখার সুযোগ থাকবে এবং ভোটের ফলাফলও কমেন্ট বিভাগেই দেখা যাবে।
টিকটকের নতুন সুবিধার তালিকায় রয়েছে একসঙ্গে একাধিক ছবি পোস্ট করার সুযোগও। এতদিন একটি কমেন্টে একটি ছবি দেওয়া গেলেও নতুন ব্যবস্থায় সর্বোচ্চ নয়টি ছবি একসঙ্গে যুক্ত করা যাবে। ফলে ভ্রমণ, কোনো ঘটনা কিংবা বিশেষ মুহূর্তের একাধিক ছবি আলাদা আলাদা মন্তব্য না করে এক জায়গাতেই শেয়ার করা সম্ভব হবে।
এর পাশাপাশি লাইভ ছবি কমেন্টে যুক্ত করার সুবিধাও বিশ্বব্যাপী চালু করা হচ্ছে।
নতুন ফিচারগুলোর মধ্যে ভয়েস কমেন্ট বিশেষভাবে নজর কেড়েছে। মাইক্রোফোন আইকনে চাপ দিয়ে ব্যবহারকারী সর্বোচ্চ এক মিনিটের বক্তব্য রেকর্ড করে সেটিকে মন্তব্য হিসেবে প্রকাশ করতে পারবেন। অন্যরা সেই ভয়েস কমেন্ট শুনতে পারবেন।
তবে ভয়েস কমেন্টের ক্ষেত্রেও টিকটকের কমিউনিটি গাইডলাইন কার্যকর থাকবে। নীতিমালা লঙ্ঘনকারী বক্তব্য শনাক্ত করতে স্বয়ংক্রিয় প্রযুক্তির পাশাপাশি মানব কর্মীদের সহায়তাও নেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
টিকটকের ভাষ্য, নতুন সুবিধাগুলোর মাধ্যমে কমেন্ট বিভাগে ব্যবহারকারীদের অংশগ্রহণ বাড়বে এবং নিজেদের মতামত প্রকাশের সুযোগ আরও বিস্তৃত হবে। সুবিধাগুলো ধাপে ধাপে বিশ্বজুড়ে চালু করা হবে।











