রাজধানীর সড়কে যানজট কমাতে ঢাকার চারপাশের নৌপথে আবারও ওয়াটার বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে নতুন পরিকল্পনায় এই সেবা চালু করার কথা জানিয়েছেন নৌ-পরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম।সোমবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।শেখ রবিউল আলম বলেন, এর আগে প্রায় এক দশক ঢাকার চারপাশে ওয়াটার বাস চললেও ওই সময় প্রায় ৫৭ কোটি টাকা লোকসান হয়েছে। বছরে গড়ে লোকসানের পরিমাণ ছিল প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকা।
পুরোনো ব্যবস্থার সমস্যাগুলো চিহ্নিত করে এবার নতুন পরিকল্পনায় সেবা চালুর কাজ চলছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ বিষয়ে কাজ করছে বলে জানান তিনি।সংসদে দেশের নৌপথের অবস্থাও তুলে ধরেন মন্ত্রী। তার দেওয়া তথ্য অনুযায়ী, দেশে প্রায় ৭ হাজার ৫০০ কিলোমিটার নৌপথ রয়েছে। এর মধ্যে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার নৌপথ বর্তমানে ড্রেজিংয়ের মাধ্যমে সচল রাখা হয়েছে।
নৌপথের নাব্যতা ধরে রাখতে নিয়মিত ড্রেজিং করা হচ্ছে এবং চলমান রুটগুলো প্রয়োজন অনুযায়ী সংরক্ষণমূলক ড্রেজিংয়ের আওতায় রাখা হচ্ছে।ঢাকার চারপাশের নদীদূষণ নিয়েও কথা বলেন নৌমন্ত্রী। তিনি জানান, নদীদূষণের উৎস শনাক্ত করে ৪২৪টি দূষণস্থল চিহ্নিত করা হয়েছে। এসব জায়গায় রাসায়নিক, তরল ও কঠিন বর্জ্য নদীতে ফেলা হচ্ছে।ঢাকার চারপাশের পাঁচ নদীকে দূষণমুক্ত করতে সরকার সমন্বিত কর্মসূচি নিয়েছে। এ লক্ষ্যে সভা করে কমিটি গঠন করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা নদীগুলো পরিদর্শনও করেছেন।নদীদূষণ রোধে ওয়াসা, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন, বিআইডব্লিউটিএ এবং পানিসম্পদ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে।











