জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভোটার এলাকা পরিবর্তন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে।দুই নেতার পরিবর্তনটি হয়েছে বিপরীত দিকে। নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা থেকে ঢাকা দক্ষিণের ভোটার হয়েছেন। অন্যদিকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দক্ষিণ থেকে ভোটার হয়ে এখন ঢাকা উত্তরের আফতাবনগর এলাকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই তাদের ভোটার এলাকা পরিবর্তনের আবেদন অনুমোদন করা হয়েছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও কাগজপত্র পরীক্ষা শেষে কমিশন এ অনুমোদন দেয়।নাসীরুদ্দীন পাটওয়ারী আগে উত্তরা এলাকার ঢাকা-১৮ আসনের ভোটার ছিলেন। অন্যদিকে আসিফ মাহমুদ আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ভোটার ছিলেন।দুই নেতার ঠিকানা পরিবর্তনের সময়টিই রাজনৈতিক আলোচনাকে আরও বাড়িয়ে দিয়েছে। কারণ সামনে সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থী ও নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা চলছে।
এনসিপির ভেতরের একটি সূত্রের দাবি, ঢাকা উত্তর ও দক্ষিণ—দুই সিটিতেই দলটি জয় চায়। সেই লক্ষ্যেই দুই নেতাকে সংশ্লিষ্ট এলাকায় প্রার্থী করার সম্ভাবনা রয়েছে।তবে এখনো আনুষ্ঠানিকভাবে তাদের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়নি।বিষয়টি নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরও সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন। তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা দক্ষিণ এবং আসিফ মাহমুদকে ঢাকা উত্তরে নির্বাচনে দেখা যেতে পারে।ফলে ভোটার এলাকা পরিবর্তন কেবল ব্যক্তিগত কারণে, নাকি এর পেছনে আসন্ন সিটি নির্বাচনকেন্দ্রিক কৌশল রয়েছে—এ প্রশ্নই এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রে।











