পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে এমনআদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে একদন্ত হাট থেকে বাড়ি ফেরার পথে চন্ডিপাশা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত আদম আলী ষাটগাছা গ্রামের আলহাজ নুরুল ইসলামের ছেলে। তিনি একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি তমা হত্যা ও ধর্ষণ মামলার আসামি এবং বর্তমানে জামিনে ছিলেন।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.নাজমুল হক জানান, বিকেল সাড়ে ৩টার দিকে আদম আলী একদন্ত হাট থেকে বাজার নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে চন্ডিপাশা এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। হত্যার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে হত্যাকাণ্ডের সঠিক কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।












