কক্সবাজার সদর উপজেলার হাজীপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে ৯০ হাজার পিস ইয়াবা ও ৩৫ লাখ ২০ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাজীপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালায় ডিএনসির একটি দল। পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ অর্থের সন্ধান পাওয়া যায়।
আটক ব্যক্তিরা হলেন মোমেন মেহেদী আশিক, তার স্ত্রী সাদিয়া ফারহানা এবং তাদের এক সহযোগী। তারা কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।ডিএনসি সূত্রের তথ্য অনুযায়ী, যে বাড়ি থেকে ইয়াবা ও টাকা উদ্ধার করা হয়েছে, সেটি একজন পুলিশ কর্মকর্তার বলে জানা গেছে। আটক মোমেন মেহেদী আশিক ওই পুলিশ কর্মকর্তার শ্যালক হিসেবে পরিচিত এবং বাড়িটির দেখভালের দায়িত্বে ছিলেন বলে জানিয়েছে সংস্থাটি।
প্রাথমিক তদন্তে ডিএনসি ধারণা করছে, কক্সবাজারকে রুট হিসেবে ব্যবহার করে ইয়াবা পাচারের উদ্দেশ্যে ওই বাড়িতে অবস্থান করছিলেন আটক ব্যক্তিরা। উদ্ধার হওয়া নগদ টাকা মাদক বিক্রির অর্থ কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সৌমেন মণ্ডল বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
তিনি জানান, উদ্ধার করা মাদক ও টাকার উৎস এবং আটক ব্যক্তিদের মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।













