বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন। রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। ঢাকায় অবস্থানকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালসহ ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশে যাত্রা করেন ইনফান্তিনো। সরাসরি ফ্লাইট না থাকায় ঢাকায় বিরতি নিতে হয় তাঁকে। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বাফুফে কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের পর অল্প সময় ঢাকায় অবস্থান করেন ফিফা সভাপতি।
তাঁর আগমন ঘিরে আগের দিন থেকেই বাফুফেতে প্রস্তুতি ও আলোচনা চলছিল। তবে শেষ পর্যন্ত সফরটি আনুষ্ঠানিক না হয়ে ট্রানজিটকেন্দ্রিকই থাকছে।
এর আগে ২০১৭ সালে এক দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন জিয়ান্নি ইনফান্তিনো। পরবর্তী সময়ে ২০১৯ সালের অক্টোবরে আবারও ঢাকায় আসেন তিনি।















