পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে অবহেলিত একটি এলাকাকেও মানুষের বসবাস ও চলাচলের উপযোগী করে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাভারের আমিনবাজারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বর্জ্য অপসারণ ও সবুজায়ন কার্যক্রমের পরিবর্তন তুলে ধরে তিনি বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে পরিবেশের উন্নয়ন সম্ভব।
রোববার (১৮ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে আমিনবাজারের ভাঙা ব্রিজ এলাকায় মহাসড়কের আরিচামুখী লেনের পাশে বাস্তবায়িত ‘রূপান্তর’ কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় বর্জ্য অপসারণ, গাছ লাগানো এবং এলাকার সৌন্দর্যবর্ধনের অগ্রগতি ঘুরে দেখেন তিনি।
তারেক রহমান বলেন, প্রায় দুই মাস আগেও এলাকাটির চিত্র ছিল ভিন্ন। এখন প্রায় চার কিলোমিটারজুড়ে পরিবেশে দৃশ্যমান পরিবর্তন এসেছে। পরিচ্ছন্নতা ও সবুজায়নের ফলে এলাকাটি আগের তুলনায় সুন্দর হয়েছে এবং মানুষের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরি হয়েছে।
এই পরিবর্তন ধরে রাখতে স্থানীয় বাসিন্দাদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তাঁর মতে, সরকার উদ্যোগ নিয়ে জায়গাটিকে পরিচ্ছন্ন ও সবুজ করেছে; এখন এর রক্ষণাবেক্ষণে এলাকাবাসীরও দায়িত্ব রয়েছে। সরকার ও স্থানীয় মানুষ একসঙ্গে কাজ করলে পরিবেশের জন্য ক্ষতিকর সমস্যাগুলো ধাপে ধাপে সমাধান করা সম্ভব।
মহাসড়কের আশপাশের শিল্পকারখানাগুলোর সঙ্গেও সামাজিকভাবে আলোচনা করার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। ঢাকা জেলা প্রশাসনের আওতাধীন চার কিলোমিটারের বাইরের যেসব এলাকায় এখনো বর্জ্য জমে রয়েছে, সেগুলোও পরিকল্পনার আওতায় আনার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, ‘রূপান্তর’ কার্যক্রমে নিম, সুপারি, তাল, মাধবীলতা ও রঙ্গনসহ বিভিন্ন প্রজাতির ৬ হাজার ১৩০টি গাছ লাগানো হয়েছে। অপসারণ করা হয়েছে প্রায় ১০ হাজার টন বর্জ্য। এ ছাড়া ৮ হাজার ৮০০ বর্গমিটার এলাকায় মাটি এবং সমপরিমাণ এলাকায় বালু ভরাট করা হয়েছে।
প্রকল্প এলাকায় এক কিলোওয়াট ক্ষমতার দুটি সৌরবিদ্যুৎ ব্যবস্থা, পরীক্ষামূলকভাবে একটি এক কিলোওয়াটের বায়ুচালিত টারবাইন এবং ১২০টি বৈদ্যুতিক বাতি স্থাপন করা হয়েছে। পানি নিষ্কাশনের জন্য নির্মাণ করা হয়েছে ২০টি সারফেস ড্রেন।
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সাভার উপজেলা পরিষদ প্রকল্পটি বাস্তবায়ন করেছে। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৯৭ লাখ ৬৫ হাজার টাকা।
এর আগে সকালে সাভার সেনানিবাসে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ফেরার পথে আমিনবাজারের ‘রূপান্তর’ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।















