মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত জানান।
ইশরাক হোসেন বলেন, দলের ভাবমূর্তি যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়েই তিনি প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান তিনি। একই সঙ্গে সাংবাদিকদের সামনে এসে এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দেওয়ার কথাও উল্লেখ করেন।
প্রতিমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিলেও মাদকবিরোধী কর্মকাণ্ড থেকে পিছিয়ে আসতে চান না ইশরাক হোসেন। তিনি জানান, সংসদ সদস্য কিংবা সরকারের প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির একজন সাধারণ কর্মী হিসেবে মাদক নির্মূলে আরও জোরালো ভূমিকা রাখতে চান।
এ ছাড়া নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করা এবং দেশজুড়ে প্রজন্ম দলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান তিনি।
সম্প্রতি ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় ইশরাক হোসেনের হাতে অস্ত্র দেখা যায়—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরই মধ্যে তাঁর পদত্যাগের ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

















