ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। এ আসনে মনোনয়ন পেতে আগ্রহী নারী নেত্রীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে।সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। সাক্ষাৎকারের সময় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাক্ষাৎকার শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রের বরাতে জানা গেছে, সংরক্ষিত নারী আসনটিতে বিএনপির মনোনয়ন পেতে ৭০ জন নারী নেত্রী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাঁদের মধ্যে ৬৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা ও দলীয় কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



















