সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইল এলাকার পরিচিত সমাজসেবক আলহাজ্ব ইসরাফিল হোসেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে স্থানীয় মানুষের পাশে থাকার চেষ্টা করছেন তিনি। মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে সহযোগিতার পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের আর্থিক সহায়তায় এগিয়ে আসেন এই সমাজসেবক।
স্থানীয় মানুষের কল্যাণে তাঁর এসব উদ্যোগকে ঘিরে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। আসন্ন ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে চেয়ারম্যান পদে দেখতে চান বলে জানিয়েছেন তাঁর সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের অনেকে। তাঁদের প্রত্যাশা, জনপ্রতিনিধি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন তিনি।
আলহাজ্ব ইসরাফিল হোসেন বলেন, “আমি আপনাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এলাকার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে সবার সঙ্গে সমন্বয় করে ধামসোনা ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।” এ সময় তিনি স্থানীয় জনগণের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে তিনি বলেন, “আমার আগে কখনো নির্বাচনে যাওয়ার ইচ্ছা ছিল না। মানুষের জন্য কাজ করতে গিয়ে বারবার বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছি। সেই অভিজ্ঞতা থেকেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক ও মতবিনিময় করছেন। এসব কর্মসূচির মাধ্যমে স্থানীয় মানুষের কথা শুনছেন এবং এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন।
ইসরাফিল হোসেন আশা প্রকাশ করে বলেন, ধামসোনা ইউনিয়নের মানুষ তাঁর পাশে থাকবেন এবং তাঁদের মূল্যবান ভোট দিয়ে জনসেবা করার সুযোগ করে দেবেন। নির্বাচিত হলে জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
এদিকে, ধামসোনা ইউনিয়নের সর্বস্তরের মানুষের জন্য বিনামূল্যে একটি অ্যাম্বুলেন্স সেবা চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন ইসরাফিল হোসেন।
তিনি জানান, জরুরি স্বাস্থ্যসেবার প্রয়োজনে সাধারণ মানুষ যেন সহজেই অ্যাম্বুলেন্স সুবিধা পান এবং অর্থের অভাবে রোগী পরিবহনে ভোগান্তিতে না পড়েন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
ইসরাফিল হোসেনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে ধামসোনা ইউনিয়নের অসহায় ও সাধারণ মানুষ জরুরি প্রয়োজনে উপকৃত হতে পারবেন বলে আশা করা হচ্ছে।
















