যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে পৃথক পৃথকভাবে দুই উপজেলা প্রশাসন ও সর্বস্তরের মানুষ।
শনিবার (২১ ফেব্রুয়ারি,২০২৬) দিবাগত রাত ১২টা ১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাড়াও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অমর একুশে বাঙালির অহংকার। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় যারা আত্মত্যাগ করেছিলেন, তাঁদের সেই অবিনাশী চেতনা ছড়িয়ে দিতে এবং দেশপ্রেম জাগ্রত করতে প্রশাসন সর্বদা বদ্ধপরিকর।
প্রথম প্রহরে প্রশাসনের শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার প্রাঙ্গণ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানে গানে মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার এলাকা।
দিবসটি উপলক্ষে সকালে বিএনপির স্থানীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথকভাবে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি পালন করা হয়েছে।















