হাইকোর্টের সুস্পষ্ট নিষেধাজ্ঞা ও স্থানীয় বাসিন্দাদের ধারাবাহিক প্রতিবাদ উপেক্ষা করে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। এতে তীব্র নদীভাঙনের পাশাপাশি জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ার, ফসলি জমি ও বিস্তীর্ণ জনবসতি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার যমুনা নদীতে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন লাইনের ৭ ও ৮ নম্বর টাওয়ারসংলগ্ন এলাকায় প্রকাশ্যে অন্তত ১২টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। উত্তোলিত বালু পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছে প্রায় ১০০টি বাল্কহেড।
আদালতের নির্দেশনা ও বর্তমান চিত্র: স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন থেকে জনবসতি রক্ষায় এলাকাবাসী হাইকোর্টে একটি রিট পিটিশন (নম্বর ১০৭৭৯/২০২৬) দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে গত ৯ আগস্ট আদালত ওই এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেন। একই সঙ্গে মানিকগঞ্জের জেলা প্রশাসককে দুই মাসের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
তবে ভুক্তভোগীদের অভিযোগ,আদালতের নির্দেশনার পর জেলা প্রশাসকের কার্যালয়ে একাধিকবার লিখিত আবেদন এবং মানববন্ধন কর্মসূচি পালন করেও কোনো স্থায়ী প্রতিকার মেলেনি। প্রশাসনের নজরদারির মধ্যেই কীভাবে এত বিপুলসংখ্যক ড্রেজার ও বাল্কহেড নির্বিঘ্নে কার্যক্রম চালাচ্ছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর আশঙ্কা, জাতীয় গ্রিডের টাওয়ারের মতো অতি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনার খুব কাছ থেকে অপরিকল্পিতভাবে বালু তোলার ফলে নদীর তলদেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। অবিলম্বে এটি বন্ধ করা না গেলে আগামী বর্ষায় নদীভাঙন ভয়াবহ রূপ নিতে পারে এবং বসতবাড়ি ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
প্রশাসনের বক্তব্য ও স্থানীয়দের দাবি
এ বিষয়ে জানতে চাইলে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী কর্মকার বলেন,”অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসন বদ্ধপরিকর এবং এ বিষয়ে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছি। ইতিমধ্যে স্থানীয় নৌপুলিশ ও কোস্টগার্ডকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।”
তবে মাঠপর্যায়ে বালু উত্তোলন চলমান থাকায় স্থানীয় বাসিন্দারা প্রশাসনের আশ্বাসের পাশাপাশি দ্রুত দৃশ্যমান পদক্ষেপের দাবি জানিয়েছেন। তাঁদের দাবি, অবিলম্বে নদী থেকে সব ড্রেজার ও বাল্কহেড জব্দ করে বালু উত্তোলন বন্ধ করতে হবে। একই সঙ্গে এই অবৈধ কর্মকাণ্ডের নেপথ্যে থাকা মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং আদালতের আদেশ বাস্তবায়নে কার্যকর তদারকি নিশ্চিত করতে হবে।















