রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।সোমবার (২৪ আগস্ট) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত। এ সময় সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের পক্ষ থেকে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান তিনি।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।সৌদি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বৈশ্বিক জ্বালানি সংকটের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থেকে সৌদি আরবের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে দুই দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
বাংলাদেশি হজযাত্রীদের সফর আরও সহজ করতে এবং হাজিদের ভোগান্তি কমাতে মিনায় গোসলখানা ও শৌচাগার সুবিধা উন্নয়নেরও আহ্বান জানান রাষ্ট্রপতি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সৌদি রাষ্ট্রদূত।সৌদি আরবে ৩৫ লাখের বেশি বাংলাদেশি শ্রমিক কর্মরত থাকার কথা উল্লেখ করে দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রপতি। ভবিষ্যতেও বাংলাদেশ থেকে অগ্রাধিকার ভিত্তিতে জনশক্তি নেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি।সাক্ষাৎকালে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সৌদি রাষ্ট্রদূত জ্বালানি, সহায়তা ও বিনিয়োগ অব্যাহত রাখার আশ্বাস দেন।রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কোনো বিদেশি কূটনীতিকের প্রথম সাক্ষাৎ।












