কৃষক কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।সোমবার (২৪ আগস্ট) দুপুরে নেত্রকোনার কলমাকান্দায় তিন দিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, প্রকৃত কৃষকদের অগ্রাধিকার দিয়ে সততা ও স্বচ্ছতার সঙ্গে কৃষক কার্ড বিতরণ করতে হবে। বিশেষ করে যেসব কৃষকের জমির পরিমাণ কম, তাদের আগে কার্ড দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, কলমাকান্দা-দুর্গাপুর সম্পূর্ণ কৃষিনির্ভর এলাকা। কৃষির বাইরে বড় ধরনের বাণিজ্যিক কর্মকাণ্ডের সুযোগও সীমিত। তাই কৃষকদের সহায়তায় কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।কৃষক কার্ডের ক্ষেত্রে কৃষকদের শ্রেণিবিন্যাসের কথা উল্লেখ করে কায়সার কামাল বলেন, কারও ১০ বিঘা, কারও পাঁচ বিঘা আবার কারও মাত্র দুই কাঠা জমি রয়েছে। কৃষক বাছাইয়ের সময় অল্প জমির মালিক কৃষকদের অগ্রাধিকার দেওয়া উচিত।
তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প। কলমাকান্দায় জনপ্রতিনিধি, ইউএনও ও কৃষি কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে এসব কার্ড বিতরণ করা হবে।
কমিটির উদ্দেশে তিনি বলেন, কলমাকান্দা-দুর্গাপুরে কৃষক কার্ড বিতরণে কোনো ধরনের দুর্নীতি করা যাবে না। প্রকৃত কৃষকদের আগে কার্ড দিতে হবে।নিজের নির্বাচনি প্রচারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আগের সরকারের সময়ে টাকার বিনিময়ে বিভিন্ন ধরনের কার্ড দেওয়ার অভিযোগ পেয়েছেন। একজন কৃষকের সন্তান হিসেবে কৃষকদের জন্য কার্ডগুলো সততার সঙ্গে বিতরণ করা তার দায়িত্ব।
তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, কৃষক-শ্রমিকের শ্রম ও ঘামের ওপর দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। তাদের ট্যাক্সের অর্থেই সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়া হয়। তাই জনগণের প্রতি কর্মকর্তাদের দায়বদ্ধ থাকতে হবে।












