উপজেলার ধামসোনা ইউনিয়নস্থ গোপালবাড়ী নবীন প্রগতি স্কুল এন্ড কলেজের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘জ্ঞান মেলা, গ্র্যাজুয়েট সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান – ২০২৬’।আজ ১০ অক্টোবর ২০২৬, শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার-আশুলিয়ার গণমানুষের আস্থাভাজন নেতা ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন,দেওয়ান মোহাম্মদ বিপ্লব সাবেক চেয়ারম্যান সাভার উপজেলা পরিষদ।
দিনব্যাপী এ আয়োজনে সকালে ফিতা কেটে ‘জ্ঞান মেলা’র শুভ উদ্বোধন করা হয়। মেলায় শিক্ষার্থীদের তৈরি নানা উদ্ভাবনী প্রজেক্ট, বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী এবং হস্তশিল্প দর্শনার্থীদের নজর কাড়ে। এরপর আয়োজিত সংবর্ধনা পর্বে প্রতিষ্ঠানের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী গ্র্যাজুয়েট ও সফল শিক্ষার্থীদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি মেলায় সেরা প্রদর্শনীর জন্য বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবু বলেন, “আজকের শিশু-কিশোররাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। প্রথাগত শিক্ষার পাশাপাশি তাদের সৃজনশীলতা, বিজ্ঞানমনস্কতা ও মানবিক মূল্যেবোধে বলীয়ান করতে এ ধরনের জ্ঞান মেলা ও সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।”
বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও এলাকার জনপ্রতিনিধিদের সমন্বিত ভূমিকা প্রয়োজন। গোপালবাড়ী নবীন প্রগতি স্কুল এন্ড কলেজ দীর্ঘদিন ধরে এ অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে আসছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের প্রাণবন্ত উপস্থিতিতে উদ্দীপনাময় এ আয়োজনের সমাপ্তি ঘটে।
















