শিক্ষার মানোন্নয়ন,পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ এবং খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরির লক্ষ্যে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এক বিশেষ সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ (১১অক্টোবর ২০২৬) আব্দুস সাত্তার ফাউন্ডেশনের অর্থায়নে বিদ্যালয়ের খেলার মাঠের সংস্কার কাজের শুভ উদ্বোধন এবং শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাঠ সংস্কার কাজের উদ্বোধন করেন ও ছাত্রীদের হাতে চারাগাছ তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী, আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং দৈনিক ‘যমুনার কথা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাজী মো.আব্দুস সাত্তার।

উদ্বোধনী বক্তব্যে হাজী মো. আব্দুস সাত্তার বলেন,”শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম। একটি সুসংগঠিত ও নিরাপদ খেলার মাঠ ছাত্রীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে সাহায্য করবে। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আমাদের তরুণ প্রজন্মকে গাছ লাগানোর চর্চা গড়ে তুলতে হবে। আব্দুস সাত্তার ফাউন্ডেশন শিক্ষা ও সমাজকল্যাণমূলক এই প্রচেষ্টা অব্যাহত রাখবে।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় সচেতন মহল আব্দুস সাত্তার ফাউন্ডেশনের এই প্রশংসনীয় উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তাঁরা আশা প্রকাশ করেন যে, এই ধরণের সামাজিক ও শিক্ষাবান্ধব কর্মকাণ্ড অন্যান্য সামাজিক সংগঠনকেও উৎসাহিত করবে।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সবুজ চত্বরে একটি স্মারক বৃক্ষরোপণ করা হয় এবং শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ ও কাঠজাতীয় গাছের চারা তুলে দেওয়া হয়।















