দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।সোমবার (২৪ আগস্ট) দলটির কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।
গাজী আতাউর রহমান দাবি করেন, গত তিন মাসে দেশে ৯৩৪টি খুনের মামলা হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে ১০টির বেশি খুনের মামলা হয়েছে।তিনি বলেন, সরকারি হিসাব অনুযায়ী জুলাইয়ে সারাদেশে ২৯৮টি, জুনে ৩২৬টি এবং মে মাসে ৩১০টি খুনের মামলা হয়েছে। এ তিন মাসে মোট ৯৩৪টি মামলা হয়েছে।
তার দাবি, এমন পরিস্থিতিতে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিএনপি সরকারের ছয় মাসের বেশি সময় পার হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হওয়ায় তারা উদ্বিগ্ন।গাজী আতাউর রহমান বলেন, রাষ্ট্রের কাছে মানুষের সবচেয়ে বড় চাওয়া নিরাপত্তা। জীবনের নিরাপত্তা মানুষের মৌলিক ও প্রাথমিক অধিকার। কিন্তু সরকার মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই—এ কথা বলা ঠিক হবে না। বরং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দায়িত্বের প্রতি যথেষ্ট মনোযোগী নন বলে তাদের মনে হয়েছে।সরকারপ্রধানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণহারে হত্যাকাণ্ডের ঘটনা সরকারের প্রতি মানুষের আস্থা নষ্ট করবে। আর মানুষের আস্থা হারিয়ে গেলে রাষ্ট্র পরিচালনা করা কঠিন হয়ে পড়বে।এ কারণে হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।












