উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিকে কেন্দ্র করে পুরো দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে।
বিশেষ করে রাষ্ট্র ও সরকারপ্রধানদের চলাচলের সম্ভাব্য পথ এবং ভিভিআইপি এলাকাগুলোতে বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। সম্মেলন সফলভাবে সম্পন্ন করতে শেষ মুহূর্তের প্রস্তুতিও প্রায় শেষ করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
বিশ্বনেতাদের নিরাপত্তা নিশ্চিতে রাজধানীতে উচ্চপ্রযুক্তির বিশেষ নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব নিয়ন্ত্রণকক্ষ থেকে দিল্লির সামগ্রিক পরিস্থিতি এবং অতিথি নেতাদের গাড়িবহরের চলাচল সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।
শুক্রবার রাতে নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধানরাও সম্মেলনে সরাসরি অংশ নিচ্ছেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি সংকটের সময় এবারের ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় এর গুরুত্বও বেড়েছে। সদস্য দেশগুলোর অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে বিকল্প মুদ্রার ব্যবহার সম্প্রসারণের বিষয়টি আলোচনায় আসতে পারে।
এর বাইরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা এবং দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক ভূরাজনীতি নিয়েও নেতাদের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক রাজনীতিতে ব্রিকসের প্রভাব বাড়তে থাকায় এবারের সম্মেলনের দিকে বিশেষ নজর রাখছে আন্তর্জাতিক মহল।














