পাবনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতির আধুনিকায়ন ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
পাবনা পৌরসভার উদ্যোগে এবং বেসরকারি প্রতিষ্ঠান স্কয়ার ও ব্র্যাক (BRAC)-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য অ্যাডভোকেট শিমুল বিশ্বাস বলেন, “পরিচ্ছন্ন ও আধুনিক পাবনা শহর গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন অত্যন্ত জরুরি। পৌরসভা, স্কয়ার ও ব্র্যাকের এই যৌথ উদ্যোগ পাবনাবাসীকে একটি পরিবেশবান্ধব ও বাসযোগ্য শহর উপহার দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পাবনা পৌরসভার কর্মকর্তা, স্কয়ার ও ব্র্যাকের ঊর্ধ্বতন প্রতিনিধিগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমঝোতা চুক্তির আওতায় পাবনা শহরের বর্জ্য সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও পুনর্ব্যবহার যোগ্য করে তোলার কাজে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।















