একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

অনলাইন ডেস্ক

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে পাঁচটি নতুন, চারটি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে। এসব প্রকল্পের আওতায় স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, গ্রামীণ সড়ক ও অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হবে।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন একনেকের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ হিসেবে ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন থেকে ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ের কথা উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য খাতে দুটি প্রকল্প

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প একনেকের অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে দেশের আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধনী।

এ ছাড়া যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল এবং সংশ্লিষ্ট ভবন নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন করা হয়েছে। একই প্রকল্পের আওতায় জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে একাধিক উদ্যোগ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় তিনটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে পাবনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনীর প্রস্তাব।

স্বর্ণের দামে বড় পতন

অন্যদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় গ্রামীণ মাটির সড়ক টেকসই করতে হেরিং বোন বন্ড (এইচবিবি) পদ্ধতিতে সড়ক উন্নয়ন প্রকল্পের চতুর্থ সংশোধনী অনুমোদিত হয়েছে। প্রকল্পটি দ্বিতীয় পর্যায়ের কার্যক্রমের তৃতীয় সংশোধিত সংস্করণের ধারাবাহিকতায় বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ভোলার চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থার স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন প্রকল্পের মেয়াদ চতুর্থবারের মতো বাড়ানোর প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

বিদ্যুৎ বিতরণ ও পানি ব্যবস্থাপনায় গুরুত্ব

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর একটি হলো ঢাকা-সংলগ্ন ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি। অন্যটি চট্টগ্রাম ও সিলেট বিভাগে পল্লী বিদ্যুতের বিতরণব্যবস্থা আধুনিকায়ন ও সম্প্রসারণ।

এ ছাড়া কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নয়নে উপকূলীয় পোল্ডার ৬৪/২এ এবং ৬৪/২বি পুনর্বাসন প্রকল্প অনুমোদন পেয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন এ উদ্যোগের লক্ষ্য সংশ্লিষ্ট এলাকার পানি ব্যবস্থাপনা ও বন্যা মোকাবিলার সক্ষমতা উন্নত করা।

৫০ কোটি টাকার কম ব্যয়ের সাত প্রকল্পের তথ্য উপস্থাপন

একনেক সভায় পরিকল্পনামন্ত্রীর ক্ষমতাবলে এর আগে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের সাতটি প্রকল্পের বিষয়েও অবহিত করা হয়।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা ও জলাবদ্ধতা নিরসন এবং পানি নিষ্কাশনব্যবস্থা উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনী। এ ছাড়া রয়েছে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট (ফ্রিপ)।

নভেম্বরে গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় হামলা, নিরাপত্তা জোরদারের দাবি ড. ইউনূসের

তালিকায় আরও রয়েছে কেন্দ্রীয় প্যাকিং হাউজের উদ্ভিদ সংগনিরোধ পরীক্ষাগারকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, ময়মনসিংহ বিভাগে মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ, দেশের অভ্যন্তরীণ জলাশয়ের মৎস্যসম্পদের জরিপ পদ্ধতির উন্নয়ন, ভেনম রিসার্চ সেন্টার বাংলাদেশকে শক্তিশালী করা এবং পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন প্রকল্প।

সভায় উপস্থিত ছিলেন যাঁরা

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৫ নভেম্বর ২০২৬
Trulli

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন