রাজধানীর ‘ছাতা বোমা’ উদ্ধারের ঘটনার পর এবার আশুলিয়ায় একটি দোকানের সামনে পড়ে থাকা একটি ব্যাগ থেকে ‘প্রেশার কুকার বোমা’ উদ্ধার করা হয়েছে। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বোমাটি নিষ্ক্রিয় করেন। শুক্রবার (৩১ জুলাই) বেলা ৩টার দিকে আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এ ঘটনায় আশুলিয়া থানায় বিস্ফোরক দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে আশুলিয়ার খেজুর বাগান এলাকার হৃদয় চাকমার মালিকানাধীন ‘জয়ী জেনারেল স্টোর’ নামের একটি চায়ের দোকানের সামনে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান স্থানীয়রা। দীর্ঘ সময় ব্যাগটি পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়।
পরে ব্যাগটি খুলে ভেতরে প্রেশার কুকার আকৃতির একটি বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেন। মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে বিশেষজ্ঞ দল পৌঁছায় ঘটনাস্থলে। পরে শুক্রবার সকাল ৬টা ২২ মিনিটে পাশের একটি খোলা মাঠে নিয়ে মাটিতে গর্ত করে প্রেশার কুকারটি সেখানে রাখা হয়। এরপর বিশেষ প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করা হয় বোমাটি।
বোম ডিসপোজাল ইউনিট জানায়, রাত প্রায় ১টার দিকে তাদের কাছে কল আসে। রাত ৩টার দিকে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বোমাটি উদ্ধার করে। ভোরে পাশের একটি খালি মাঠে গর্ত খুঁড়ে, চারপাশে বালুর বস্তা চাপা দিয়ে বোমাটির নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়।
আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, বোমাসদৃশ বস্তুটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। উল্লেখ্য, এর আগে গেল ২৪ জুলাই রাতে রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে ‘পাইপ বোমা’ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় মামলার পর ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোহাম্মদ শামসুল হক বলেছিলেন, ছাতার সঙ্গে বোমাটি এমনভাবে লাগানো ছিল যে, ছাতাটি ফোটালেই বিস্ফোরণ হত। তাতে হতাহতের ঘটনা ঘটতে পারত।













