ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেকেই দুর্দান্ত ছন্দে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচে ৩ উইকেট নেওয়ার পর এবার ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে শিকার করেছেন ৪ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৮ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পেয়েছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স।
ত্রিনবাগোর ব্যাটিংয়ে শুরুতেই বড় আঘাত হানেন মিরাজ। একই ওভারে দুই বলে তুলে নেন দুই গুরুত্বপূর্ণ উইকেট। ১৫ বলে ২৬ রান করা কলিন মুনরোকে বোল্ড করে ফেরানোর পরের বলেই নিকলাস পুরানকেও বোল্ড করেন তিনি।
এরপর ইনিংসের ১৩তম ওভারে ফিরে জিড গুলিকে নিজের গুগলিতে বিভ্রান্ত করে বোল্ড করেন মিরাজ। পরের ওভারেই সুনীল নারাইনকে বোল্ড করে পূর্ণ করেন চার উইকেটের কোটা।
ম্যাচে মিরাজের বোলিং ফিগার ছিল ২৪ রানে ৪ উইকেট। এর আগে নিজের প্রথম ম্যাচে ১৩ রান খরচায় নিয়েছিলেন ৩ উইকেট। দুই ম্যাচ মিলিয়ে তার বোলিং গড় দাঁড়িয়েছে মাত্র ৫ দশমিক ১৫—সিপিএলে বর্তমানে যা সবার সেরা।
দারুণ এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার।
পুরস্কার গ্রহণের সময় মিরাজ বলেন, প্রথমবার সিপিএলে খেলতে এসে ম্যাচসেরার পুরস্কার পাওয়া তার জন্য বিশেষ মুহূর্ত। পুরো ম্যাচটি তিনি উপভোগ করেছেন বলেও জানান।
নিজের বোলিংয়ের রহস্য ব্যাখ্যা করে মিরাজ বলেন, তার লক্ষ্য ছিল ধারাবাহিকভাবে সঠিক জায়গায় বল করা এবং উইকেট বের করে নেওয়া। উইকেটে কিছুটা টার্ন থাকায় স্পিনাররা সুবিধা পাবেন—এমন ধারণা থেকেই তিনি পরিকল্পনা সাজিয়েছিলেন।
গায়ানার সামনে এখন বার্বাডোসের বিপক্ষে আরেকটি ম্যাচ। এরপর প্লে-অফে দুটি ম্যাচ জিততে পারলে ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে। পরের ম্যাচগুলোতেও জয় তুলে নেওয়ার আশাবাদ জানিয়েছেন মিরাজ।














