সাভারে মাদক ও চাঁদাবাজিমুক্ত সুস্থ সামাজিক পরিবেশ গড়ার লক্ষ্যে আজ শনিবার (১২সেপ্টেম্বর ২০২৬)ইং এক জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সাভার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঢাকা জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র প্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মো. নজরুল ইসলাম বলেন, “তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা এবং এলাকাকে সম্পূর্ণ চাঁদাবাজমুক্ত করাই আমাদের প্রধান অঙ্গীকার। যেকোনো মূল্যে সাভারকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নিরাপদ বাসস্থান হিসেবে গড়ে তোলা হবে।”
সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে এবং অপরাধ দমনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার থাকার আহ্বান জানান।















