শিক্ষাজীবন শেষ করার পরপরই শিক্ষার্থীরা যাতে কর্মজীবনে প্রবেশের সুযোগ পান, সে লক্ষ্য সামনে রেখে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত ক্যারিয়ার ও চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন প্রতিমন্ত্রী।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ক্যারিয়ার ও চাকরি মেলার মতো উদ্যোগ শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের পথ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের উন্নয়নে প্রতিটি নাগরিককে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলা প্রয়োজন। ২০ কোটি মানুষকে উপযুক্ত দক্ষতায় সমৃদ্ধ করা সম্ভব হলে বাংলাদেশ বিশ্বে গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করতে পারবে।
তিনি বলেন, একটি দেশের অগ্রগতি নিশ্চিত করতে সরকারকে কর্মসংস্থান ও উন্নয়নের অনুকূল পরিবেশ তৈরি করতে হয়। প্রধানমন্ত্রী সকাল থেকে রাত পর্যন্ত দেশের উন্নয়নে কাজ করছেন। সরকারের লক্ষ্য বাস্তবায়নে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই দেশকে স্বাবলম্বী করে তোলা সম্ভব।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, একটি পক্ষ বিভিন্নভাবে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। জনগণের আন্দোলনে ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী শক্তিও নানা ধরনের হুমকি দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তাঁর ভাষ্য, দেশের মানুষ শান্তি ও স্থিতিশীলতা চায়। এ পরিস্থিতিতে সবাইকে সচেতন থাকতে হবে।
ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় সতর্ক ও প্রস্তুত থাকতে হবে।
শিক্ষার উন্নয়ন প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রধানমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। টাঙ্গাইলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, শিক্ষার উপযোগী পরিবেশ গড়ে তোলা এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।
তিনি আরও বলেন, টাঙ্গাইলের ঐতিহ্য ও সুনাম পুনরুদ্ধার করতে হবে। শিক্ষাক্ষেত্রে জেলাটিকে দেশের অন্যতম অগ্রসর অঞ্চলে পরিণত করার লক্ষ্যে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনিসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন, টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
এর আগে ফিতা কেটে এবং বেলুন ও পায়রা উড়িয়ে ক্যারিয়ার ও চাকরি মেলার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ও আমন্ত্রিত অতিথিরা।












